খুলনা-১ আসনে ৫৪ বছরের ইতিহাসে বিএনপির প্রথম বিজয়
- Update Time : ০৪:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯৮ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-০১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ৫৪ বছরের ইতিহাসে প্রথম কোন বিএনপি প্রার্থীর বিজয়।
বৃহস্পতিবার ১২ (ফেব্রুয়ারি) রাতে খুলনা-০১ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফলে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমির এজাজ খানের জয়ের তথ্য জানা যায়।
এ আসনের মোট ১২০টি কেন্দ্রে আলহাজ্ব আমির এজাজ খান ভোট পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দি পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট। ৫১ হাজার ৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমির এজাজ খান।
এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ৭ হাজার ১০৩ ভোট। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ২৮৫, নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮১৪ ও তৃতীয় লিঙ্গ ৪ জন ভোটার ছিলেন।
বিজয়ী বিএনপির প্রার্থী আলহাজ্ব আমির এজাজ খান কে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নির্বাচনকালীন সময় ভোটারদের যে ওয়াদা করা হয়েছিল তা বাস্তবায়নে কাজ করবেন। তিনি বলেন আমার দাকোপ–বটিয়াঘাটার রাস্তা ঘাটের উন্নয়ন ও নদী ভাঙ্গন প্রতিরোধ করাই আমার প্রথম এবং প্রধান কাজ। আমার এলাকার বেকার ভাই বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, দেশ ও দেশের বাইরের পর্যটকদের আকৃষ্ট করতে বেশি বেশি পরিবেশ বান্ধোব রিসোর্ট করা এবং সর্বোপরি আমার এলাকার হিন্দু ভাইদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া। তিনি আরও বলেন আগামী ৫বছর আমার সর্বোচ্চ দিয়ে মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত ও প্রতিরোধ করার কথাও জানান নব নির্বাচিত এই এমপি।


























