ঝিকরগাছায় শিওরদাহ স্কুলের এডহক কমিটির অনিয়মের অভিযোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল
- Update Time : ০৭:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ Time View

যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ে পরিপত্রের নিয়মবহির্ভূত এডহক কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর মাঝে উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভূত এই ঘটনাকে কেন্দ্র করে যেকোন সময় বড় ধরনের অপ্রীতিকর ও অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
ঘটনার প্রতিবাদে স্থানীয় অভিভাবক ও গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগকারীদের দাবি, বিদ্যালয় এডহক কমিটি গঠনে পরিপত্রের বিধি-বিধান, নিয়ম-কানুন মানা হয়নি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে শিওরদাহ বাজারের প্রধান সড়কে ঝাড়ু মিছিল কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের অভিভাবক,অবসরপ্রাপ্ত শিক্ষক,বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষানুরাগী ও শিওরদাহ গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,স্থানীয় জনগণের মতামত,কমিটি গঠনে প্রচলিত বিধি-বিধান উপেক্ষা করে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা দাবি করেন, অনিয়মতান্ত্রিক এ নিয়োগের ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশে নেতিবাচক প্রভাব সৃষ্টির পাশাপাশি,শিক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে নিয়োগ বিধিমালা বা পরিপত্রের আলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়মনীতি অনুসরণ করে এডহক কমিটি গঠন করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিতর্কিত নিয়োগ বাতিল করে গ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানান।
পরে বিক্ষোভকারীরা বিদ্যালয় এলাকা ও আশপাশের সড়কে ঝাড়ু মিছিল বের করেন। কর্মসূচি থেকে তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন কর্মসূচির আগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নির্বাখোলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইমামুল রহমান।
শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি সুমন কবির, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান কবির,বিশিষ্ট ব্যবসায়ী এবং যুবনেতা মুকুল হোসেন,আজগর আলী,সাবিনা বেগম,আবেদা বেগম ,খাদিজা আক্তার ,লাবনী বেগম প্রমুখ।
এদিকে বিদ্যালয়ের রেজুলেশন অনুযায়ী জানাগেছে, গত ৮সেপ্টেম্বর মোঃ শাহজালাল, মেহেদী হাসান ও ইমাম হাসান নামের ৩জনের না উল্লেখপূর্বক এডহক কমিটির সভাপতি প্রার্থী হিসেবে প্রস্তাব দেয়া হয়।
অথচ সভাপতি পদে প্রস্তাবিত ৩প্রার্থীকে বাদ দিয়ে আশরাফুজ্জামান নামের একজনকে গত ২৭আগস্ট যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়। ফলে বিষয়টি জানাজানি হওয়ায় এলাকাবাসির মাঝে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক কুমার অকপটে স্বীকার করে বলেন, “আমি রেজুলেশন এর মাধ্যমে যে তিনজনের নাম প্রস্তাব করেছিলাম তাদের মধ্যে কেউ সভাপতি মনোনীত হননি। বর্তমান এডহক কমিটির সভাপতি আশরাফুজ্জামান কিভাবে সভাপতি মনোনীত হয়েছেন তা তিনি অবগত নন বলে দাবি করেন”।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: শাহিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপার। এ বিষয়ে এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।



















