পাইকগাছায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার স্ত্রীর ইন্তেকাল
- Update Time : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০ Time View

খুলনার পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. হাফিজুর রহমানের সহধর্মিণী সাবিহা মোস্তফা রথি (৩২) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায়, তিনি গত এক সপ্তাহের বেশি সময় ধরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ছিলেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনার বেসরকারি ক্লিনিক হেলথ কেয়ারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আনুমানিক ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, ১৩ ও ৭ বছর বয়সী দুটি পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমার পিতা গোলাম মোস্তফা লাল এবং মাতা রহিমা বেগম। তাঁর এই অকাল প্রয়াণে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।



















